ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪
বিষয়: জীবন ও জীবিকা
শ্রেণি: অষ্টম শ্রেণির শিক্ষার্থীর জন্য নির্দেশনা
(এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনার নির্দেশনা দেওয়া রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে। কাজটি করার জন্য মোট সময় ৫ ঘন্টা; তবে প্রকল্পের সমস্যা নির্বাচন, প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠানসূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে। প্রথম অংশের পর ৩০ মিনিটের একটি বিরতি থাকবে।)
কাজ: একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন
আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে, যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার যেকোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কীভাবে তৈরি করা যায়, তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্প যেন পরিবেশবান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয়, তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
সমস্যার ক্ষেত্র
বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ
নিজ এলাকার কৃষি
বায়ু/বিদ্যুৎ/পানি/সৌর জ্বালানি শক্তি
স্থানীয় সামাজিক/অর্থনৈতিক পরিবেশ
নিজ প্রতিষ্ঠানের পাঠাগার/বিজ্ঞানাগার/ক্যান্টিন
(নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে)
প্রস্তাবনা তৈরি: ১ম অংশ
1. নির্বাচিত সমস্যার বর্ণনা (যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে, তার বিবরণ দিতে হবে)
2. যৌক্তিকতা (কেন এই প্রকল্পটি নেওয়া হচ্ছে, তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে)
3. প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা সনাক্তকরণ (এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাতভিত্তিক পেশার নাম, দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন, এবং উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন, তা উল্লেখ করতে হবে।)
প্রস্তাবনা তৈরি: ২য় অংশ
4. ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান (সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, সেগুলোর নাম ও বর্ণনা, ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ/নতুন প্রযুক্তি, তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটির সমাধান করা হবে, তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং যুক্তিনির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে।)
5. প্রকল্পকেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ (প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে, সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে, এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কী কী দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক, এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে।)
6. পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় (টেকসই এবং দুষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভুমিকা উল্লেখ করতে হবে।)
7. সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন (এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কী কী উপকার করবে, তা বর্ণনা করতে হবে।)
অনুষ্ঠানসূচি তৈরি
৪. সবার তৈরিকৃত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন/ইভেন্ট করা যেতে পারে? উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠানসূচি তৈরি করো।
(কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।)


0 Comments